
বাংলাদেশে বিদ্যুৎ দরকার এ দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য, অর্থনীতিকে গতি দেবার জন্য, জীবনকে স্বচ্ছন্দ করবার জন্য; দেশকে বিপদগ্রস্ত করবার জন্য নয়, মানুষ ও প্রকৃতির অপরিমেয় ক্ষতি করবার জন্য নয়। কিন্তু যখন বিদ্যুৎ উৎপাদনের নামে দেশকে বিপন্ন করবার আয়োজন হয়, ঋণ-নির্ভর, পরিবেশ বিধ্বংসী, ব্যয়বহুল প্রকল্পকে বিদ্যুৎ সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে উপস্থিত করা হয় তখন স্পষ্ট হয় যে, সরকারের প্রধান এজেন্ডা বিদ্যুৎ উৎপাদন নয় বরং বিদ্যুৎ উৎপাদনের নামে দেশি-বিদেশি কতিপয় গোষ্ঠীর স্বার্থরক্ষা।
বিগত আওয়ামী লীগ সরকার তার মহাপরিকল্পনা (পিএসএমপি ২০১৬) অনুযায়ী দেশ ধ্বংসী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবনবিনাশী রামপাল কেন্দ্র সহ বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল, পরিবেশবিধ্বংসী, ঋণ-নির্ভর, বিপজ্জনক পথ গ্রহণ করে। এর বিপরীতে কম দামে, পরিবেশবান্ধব উপায়ে, নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পথ সনাক্ত করে ২০১৭ সালের ২২ জুলাই জাতীয় কমিটি বিকল্প মহাপরিকল্পনার খসড়া প্রকাশ করে। দুই দশকের আন্দোলনের উপর দাঁড়িয়ে, দুই বছরের গবেষণার মধ্য দিয়ে, জাতীয় কমিটি এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে, শিল্প ও কৃষি সহ বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য অনেক ভাল পথ আছে। সুন্দরবন বিনাশ, ‘পারমাণবিক যুগে প্রবেশ’ ইত্যাদির নামে দেশকে ধ্বংস ও মহাবিপদে ফেলা বিদ্যুৎ সংকটের সমাধান বা উন্নয়নের পথ হতে পারে না।
বিদ্যুৎ সংকটের সমাধান ও উন্নয়নের পথ নিয়ে জাতীয় কমিটির খসড়া প্রস্তাবনা দেশের সর্বস্তরের মানুষের কাছে সংক্ষিপ্ত রূপে ২০১৭ সালের আগস্টে পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। গুরুত্বপূর্ণ এই দলিলটি সর্বজনকথার পাঠকদের জন্য এখানে আপলোড করা হলো।
পুস্তিকাটির ডাউনলোড লিংক: জাতীয় কমিটি প্রস্তাবিত জ্বালানী ও বিদ্যুৎ মহাপরিকল্পনা
